- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফেনী
ফেনী শহরের নাজিররোড এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১২টার দিকে টিপটপ মোড়ে।
নিহত তরুণের নাম মো. মাসুদ হাসান (১৮)। তিনি কুমিল্লা জেলার তিতাস থানার জয়পুর গ্রামের মো. নয়নের ছেলে। ফেনীতে একটি বরফকল ও ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আহত ব্যক্তি মো. ইরফান (১৮) ফেনী শহরের নাজিররোড এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, রাতের দিকে মাসুদ তার অটোরিকশা নিয়ে বের হন। ইরফানও তার সঙ্গে ছিলেন। পথে তাদের সঙ্গে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা মাসুদের কাঁধ ও বুকে ছুরিকাঘাত করেন। ইরফানও মুখ ও কানে ছুরিকাঘাতের শিকার হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। ইরফানকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) রুহুল মোহছেন জানিয়েছেন, মাসুদের কাঁধ এবং বুকে গভীর ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
নিহতের বাবা মো. নয়ন দাবি করেছেন, তার ছেলে কয়েকদিন ধরেই অসুস্থ থাকায় বরফকলেও যাননি। শুক্রবার রাতে স্বাভাবিকভাবে বের হলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। তিনি আরও বলেন, হামলাকারীরা নেশাগ্রস্ত এবং নেশার জন্য টাকা দাবি করত; টাকা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। এর আগেও এই গ্যাংয়ের সদস্যরা মাসুদের উপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর ফেনী মডেল থানার পুলিশ নিহতের পরিবারের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান হোসেন (২০) এবং রাইমান ইসলাম (১৮)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনার তদন্ত চলছে। আহত ব্যক্তির চিকিৎসা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”