- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর ফার্মগেট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ এবং সাম্প্রতিক হামলায় আহত নেতা–কর্মীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তেজগাঁও কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় চাঁদাবাজির বিরোধিতা করায় তাঁদের নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। হামলার পেছনে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা জড়িত বলে দাবি করেন তাঁরা।
সমাবেশে ২৭ নম্বর ওয়ার্ড এনসিপির সদস্যসচিব আওলাদ হোসেন বলেন, হামলায় তিনি চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। তাঁর ভাষ্য, তারাবির নামাজের পর ইন্দিরা রোড এলাকায় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করলে তিনি প্রতিবাদ জানান। এর কিছুক্ষণ পর ৬০ থেকে ৭০ জনের একটি দল এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলেও জানান আওলাদ।
বক্তারা বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের দাবি, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতরভাবে আহত করা হয়েছে। আহত ব্যক্তিরা মঞ্চে উঠে নিজেদের অভিজ্ঞতার বর্ণনা দেন।
এনসিপির শিল্পাঞ্চল থানার প্রধান সমন্বয়কারী মো. হারুন অভিযোগ করেন, চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এলাকা থেকে চাঁদাবাজি নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে ১১–দলীয় জোটের শরিক কয়েকটি দলের প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তাঁরা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে এনসিপির ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খানসহ তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁরা বলেন, জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।