Thursday, February 26, 2026

বাংলাদেশ ব্যাংকের ঘটনায় ‘মব-কালচার’ নিয়ে শফিকুর রহমানের উদ্বেগ


ফাইল ছবিঃ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি সৃষ্ট পরিস্থিতি বর্তমান সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য। আজ বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বুধবার বাংলাদেশ ব্যাংক -এ দিনভর উত্তেজনাকর পরিস্থিতির পর গভর্নরের পদ ছাড়েনআহসান এইচ মনসুর। একই দিন সরকার নতুন গভর্নর হিসেবেমোঃ মোস্তাকুর রহমান-এর নিয়োগের ঘোষণা দেয়। এ সময় গভর্নরের এক উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনাও ঘটে বলে জানা যায়।

জামায়াতে ইসলামীর আমির বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। তাঁর ভাষ্য, দেশের অর্থনীতি এমনিতেই নানামুখী চাপে রয়েছে—দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাবের মধ্যে যদি কেন্দ্রীয় ব্যাংকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা চলতে থাকে, তবে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।

তিনি মনে করেন, এমন ঘটনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া প্রয়োজন। একই সঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে দায়িত্বশীল পদগুলোতে দলীয় আনুগত্যের বদলে যোগ্যতা ও দেশপ্রেমকে প্রাধান্য দিতে হবে।

ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ও পেশাদার পরিবেশ বজায় রাখা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন