Wednesday, March 11, 2026

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার


ছবিঃ ধানখেত থেকে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে ধানখেত থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈইরাটি গ্রামে এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত শিশুটির মা-বাবার পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা উজ্জ্বল নামের এক ব্যক্তি রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ধানখেতের দিক থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি জানতে তিনি ধানখেতের দিকে এগিয়ে গেলে দেখতে পান, ধানগাছের মাঝখানে কাপড়বিহীন অবস্থায় একটি নবজাতক পড়ে আছে।

এ সময় একই এলাকার অটোরিকশাচালক হালিম সেখানে দিয়ে যাচ্ছিলেন। উজ্জ্বল তাকে ডেকে বিষয়টি জানালে তারা দুজন মিলে শিশুটিকে উদ্ধার করেন। পরে হালিম শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার স্ত্রী মজিদা শিশুটিকে কোলে তুলে নেন এবং তাকে একটি কাপড় পরিয়ে দেন।

পরে হালিম ফায়ার সার্ভিস ও স্থানীয় থানাকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী জানান, প্রাথমিক পরীক্ষা শেষে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটি সদ্য জন্ম নেওয়া। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালে শিশুটিকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে বসে ছিলেন স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন (৭০)। তিনি বলেন, “কোন মায়ের গর্ভে জন্ম নেওয়া এই শিশুটিকে এভাবে ফেলে রাখা হয়েছে—এটা ভাবলেই বুকটা কেঁপে ওঠে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১০ মার্চ, ২০২৬
Illegal Fuel Stockpiling in Bhanga, Faridpur:...