- ১৩ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। দিনাজপুর
ঈদ উপলক্ষে বোনের বাড়িতে সেমাই পৌঁছে দিতে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. নুর ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু মো. রয়েল ইসলাম (৩৫) আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় ৮টার দিকে দিনাজপুর–ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম দিনাজপুর জেলার বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার বাসিন্দা এবং মো. রজব আলীর ছেলে। আহত রয়েল ইসলাম একই এলাকার মির্জাপুর গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নুর ইসলাম ও তার বন্ধু রয়েল ইসলাম মোটরসাইকেলে করে বিরল থেকে নীলফামারীর ডোমার এলাকায় নুর ইসলামের বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নুর ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং রয়েল ইসলাম আহত হন।
খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা হারুনর রশীদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত রয়েল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা জানান, আহত রয়েল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়দের মতে, একটি আনন্দঘন উপলক্ষ সামনে রেখে যাত্রা শুরু করলেও মুহূর্তেই তা শোকে পরিণত হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।