- ১৪ মার্চ, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যা হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সম্প্রতি তারা রাফসান সাবাবের ‘হোয়াট আ শো’ অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমা এবং শুটিং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে রাজ জানান, সিনেমার অনেক দৃশ্যের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের কিছু স্মৃতি মিলিয়ে দেখেছেন। বিশেষ করে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ ও টিটি এলেই বাথরুমে লুকিয়ে থাকার ঘটনাকে তিনি নিজের জীবনের সঙ্গে তুলনা করেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার সময় পকেটমানি বাঁচাতে এক-দুইবার এমন অভিজ্ঞতা তার হয়েছে।
শুটিং পার্টনার সাবিলা নূরের প্রশংসায় রাজ বলেন, “সে দারুণ অভিনেত্রী। শুটিংয়ে সাবিলা থাকলে সেট মাতাতে আর কিছু লাগে না।”
সাবিলা নূর জানিয়েছেন, সিনেমার জন্য এফডিসিতে দুটি ট্রেন সেট তৈরি করা হয়েছিল। সেট তৈরিতে প্রায় দেড় মাস সময় লেগেছিল, তবে বাস্তবতার এতটা ছাপ পড়েছিল যে শুটিং চলাকালীন মনে হচ্ছিল আসল ট্রেনে আছেন। সাবিলা বলেন, “মেকআপ সরানোর পরও মনে হচ্ছিল সবকিছু দুলছে। আমাদের শিল্পনির্দেশক রাজীন ভাইয়া দারুণ কাজ করেছেন। আসল ট্রেনে শুটিং করতে গেলে মনে হয়েছে সেটেরটাই ভালো ছিল।”
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটিতে রাজ ও সাবিলা ছাড়াও আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা এবং আরও অনেকে। সিনেমাটি তারকাবহুল এবং দর্শকপ্রিয়তার দিক থেকে ঈদে বড় আকর্ষণ হিসেবে পরিগণিত হবে বলে চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন।