- ০১ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ক্লাউডভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান Salesforce তাদের ব্যবসাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রিক করার অংশ হিসেবে জনপ্রিয় কর্মস্থল যোগাযোগ প্ল্যাটফর্ম Slack-এ বড় ধরনের আপডেট ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে নতুন এআই সুবিধাগুলোর বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা Marc Benioff।
নতুন আপডেটে স্ল্যাকবটকে আরও উন্নত করা হয়েছে, যেখানে প্রায় ৩০টি নতুন ফিচার ধাপে ধাপে চালু করা হবে। এর আগে জানুয়ারিতে স্ল্যাকবটে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল খসড়া তৈরি, মিটিং নির্ধারণ এবং ইনবক্স থেকে তথ্য খোঁজার মতো সক্ষমতা যুক্ত করা হয়েছিল।
নতুন আপডেটের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘রিইউজেবল এআই স্কিল’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কাজের জন্য কাস্টম নির্দেশনা তৈরি করতে পারবেন, যা বিভিন্ন পরিস্থিতিতে পুনরায় ব্যবহার করা যাবে। স্ল্যাকবটে আগে থেকেই কিছু প্রস্তুত স্কিল থাকলেও ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী নতুন স্কিল তৈরি করতে পারবেন।
উদাহরণ হিসেবে, কোনো ব্যবহারকারী শুধু একটি কমান্ড দিলেই স্ল্যাকবট সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে বাজেট পরিকল্পনা তৈরি করতে পারবে এবং প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিটিংও নির্ধারণ করবে।
নতুন স্ল্যাকবট এখন মডেল কনটেক্সট প্রোটোকল (MCP) সমর্থন করবে, যার ফলে এটি বাইরের বিভিন্ন অ্যাপ ও সেবার সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারবে। বিশেষ করে Agentforce প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হয়ে এটি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারবে।
স্ল্যাকবট এখন মিটিং রেকর্ড করে তা থেকে সংক্ষিপ্তসার তৈরি করতে পারবে। কোনো ব্যবহারকারী গুরুত্বপূর্ণ তথ্য মিস করলে সহজেই সারাংশ ও করণীয় জানতে পারবেন। এছাড়া ব্যবহারকারীর কাজের ধরন, ক্যালেন্ডার ও কথোপকথনের ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শও দেবে এই এআই সহকারী।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় প্রয়োজনীয় গোপনীয়তা ব্যবস্থা রাখা হয়েছে এবং ব্যবহারকারীরা নিজেরাই অনুমতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
সেলসফোর্সের লক্ষ্য, স্ল্যাককে শুধুমাত্র একটি যোগাযোগ মাধ্যম হিসেবে না রেখে এটিকে পূর্ণাঙ্গ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার প্ল্যাটফর্মে রূপান্তর করা। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে প্রায় ১০ লাখ ব্যবসা স্ল্যাক ব্যবহার করছে এবং গত কয়েক বছরে এর আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
নতুন এআই ফিচারগুলো চালু হলে কর্মক্ষেত্রে কাজের গতি ও দক্ষতা আরও বাড়বে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।