- ২৬ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন একটি ডকুমেন্টারির ট্রেলারকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছে বিশ্বের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রেডিকশন মার্কেট প্রতিষ্ঠান কালশি (Kalshi) অভিযোগ করেছে, নেটফ্লিক্সের প্রকাশিত ট্রেলারে বিভ্রান্তিকর তথ্য ও বাস্তবতার সঙ্গে অসঙ্গত উপস্থাপনা রয়েছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটি নেটফ্লিক্সকে আনুষ্ঠানিকভাবে একটি ‘সিজ অ্যান্ড ডিজিস্ট’ (Cease and Desist) নোটিশ পাঠিয়েছে এবং ট্রেলারটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।
নেটফ্লিক্সের নতুন ডকুমেন্টারি ‘Instadocs: The Prediction Games’ মূলত বিশ্বজুড়ে প্রেডিকশন মার্কেটের উত্থান এবং এ খাতের প্রভাব নিয়ে নির্মিত। ছবিতে কালশির প্রধান নির্বাহী তারেক মানসুর এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটের প্রধান নির্বাহী শেইন কপলানের সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিতর্কের সূত্রপাত হয়েছে ডকুমেন্টারির ট্রেলারকে ঘিরে। ট্রেলারের একটি অংশে লাস ভেগাসে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত একটি ব্যক্তিগত অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়েছে। সেখানে কয়েকজন অংশগ্রহণকারী নিজেদের প্রেডিকশন মার্কেট থেকে বড় অঙ্কের অর্থ উপার্জনের অভিজ্ঞতা শেয়ার করেন। এক ব্যক্তি কালশিতে বাজি ধরার কথা বলেন এবং আরেকজন তার মোবাইল ফোনে প্রায় ৫ হাজার ডলারের একটি বাজির স্ক্রিনশট দেখান।
কালশির দাবি, ওই স্ক্রিনশটটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হতে পারে এটি ২০২৬ সালের জুলাই মাসে নেভাদায় করা একটি বৈধ লেনদেন। অথচ বাস্তবে সেটি ২০২৫ সালের মে মাসে করা হয়েছিল, যখন নেভাদায় প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর আদালতের নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ট্রেলারের এই উপস্থাপনা দর্শকদের বিভ্রান্ত করতে পারে এবং কালশির কার্যক্রম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। তাই তারা নেটফ্লিক্সের কাছে ট্রেলারটি দ্রুত সংশোধন বা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
কালশি আরও জানিয়েছে, সম্প্রতি নেটফ্লিক্সের একজন প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট প্রতিনিধি ডকুমেন্টারির চূড়ান্ত সংস্করণে ওই স্ক্রিনশট ব্যবহার না করার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু এরপরও ট্রেলার থেকে দৃশ্যটি সরানো হয়নি বলে অভিযোগ তাদের।
অন্যদিকে নেটফ্লিক্স অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ট্রেলারে ব্যবহৃত কোনো ফুটেজই কৃত্রিমভাবে তৈরি বা বিকৃত করা হয়নি। তাঁর ভাষ্য, ভিডিওটির দৃশ্য ২০২৬ সালের জুলাই মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত একটি বিশ্বকাপ–সংশ্লিষ্ট অনুষ্ঠানে ধারণ করা হয়েছিল। সেখানে উপস্থিত এক অংশগ্রহণকারী নিজের ফোনে ২০২৫ সালে করা একটি বাজির স্ক্রিনশট দেখিয়েছিলেন। সেই বাস্তব দৃশ্যই ট্রেলারে ব্যবহার করা হয়েছে।
নেটফ্লিক্স আরও বলেছে, ট্রেড বা বাজি–সংক্রান্ত যেকোনো তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি ও তিনি যে প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন, সেটির মধ্যকার বিষয়। ডকুমেন্টারিতে কোনো তথ্য জাল বা মনগড়া উপস্থাপন করা হয়নি।
এদিকে ট্রেলার ঘিরে এই আইনি বিরোধের মধ্যেই ‘Instadocs: The Prediction Games’ নির্ধারিত সময়সূচি অনুযায়ী মুক্তির অপেক্ষায় রয়েছে। এখন দেখার বিষয়, আইনি নোটিশের পর নেটফ্লিক্স ট্রেলারে কোনো পরিবর্তন আনে কি না, নাকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।