Monday, April 13, 2026

ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারের জামিনে মুক্তি


ফাইল ছবিঃ কারামুক্তির পর বাউলশিল্পী আবুল সরকার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্ত হন।

কারাগার সূত্রে জানা গেছে, জামিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। কারামুক্তির পর প্রথমে রিকশায় করে কারাগারের মূল ফটকে আসেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে করে সেখান থেকে চলে যান। অসুস্থতার কারণে এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে পাঠানো জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এবং অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের বাসিন্দা। গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি মেলায় পালাগানের আসরে তার বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ৫ এপ্রিল হাইকোর্টে জামিনের আবেদন করা হলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন