Monday, April 13, 2026

দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ১


ছবিঃ ১০ সোনার বারসহ পাচারকারী আটক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম আলমগীর খান (৫৫), তিনি দর্শনার মোবারকপাড়া গ্রামের বাসিন্দা।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে দর্শনা পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

এ সময় সীমান্তের দিকে সন্দেহজনকভাবে অগ্রসর হওয়া এক ব্যক্তিকে থামতে সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ১ কেজি ১৬৬ গ্রাম।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা। এ ছাড়া পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন