Saturday, May 23, 2026

ধানমন্ডিতে অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মী আটক


ফাইল ছবিঃ মিছিলের প্রস্তুতি ও ঝটিকা কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে ঝটিকা মিছিলের প্রস্তুতি ও সংগঠিত হওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন স্থানীয় পর্যায়ের সংগঠক ও যুবলীগের নেতাও আছেন।

রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের কাছে তথ্য ছিল, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি বলেন, সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে ওই এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এর অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচিরও প্রস্তুতি চলছিল বলে দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন