Tuesday, July 21, 2026

প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে মন্তব্যের অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ


ফাইল ছবিঃ নাসীরুদ্দীন পাটওয়ারী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

প্রধানমন্ত্রী ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।

নোটিশে অভিযোগ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, যা দেশের সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এতে বলা হয়, তার বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নোটিশ প্রেরণকারী আইনজীবী দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবেও ওই বক্তব্যে মর্মাহত হয়েছেন। একই সঙ্গে বিষয়টিকে মানহানিকর উল্লেখ করে আইনি ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এদিকে, নিজের ফেসবুক স্ট্যাটাসেও এ বিষয়ে মন্তব্য করেছেন অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান। সেখানে তিনি উল্লেখ করেন, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তার বিরুদ্ধে আদালতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জুবেদ আলী ভবনের ৮৫ নম্বর কক্ষের ঠিকানা উল্লেখ করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন