Thursday, February 5, 2026

ঢাকা–৮ আসনে শাপলা কলি প্রতীকে দোয়া চাইলেন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী


ছবিঃ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার দুপুরে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা–৮ আসনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

দোয়া শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে তিনি হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন এবং শহীদদের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, ঢাকা–৮ আসনে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে চান তারা, যেখানে হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের মতো অপরাধের আর স্থান থাকবে না। তাঁর ভাষায়, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়াই তাদের লক্ষ্য।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শহীদ শরিফ ওসমান হাদি যে আদর্শ রেখে গেছেন, সেই পথ অনুসরণ করেই তারা ঢাকা–৮ আসনে ন্যায় ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা করতে চান। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

এদিন তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণ–অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে।

এর আগে সকালে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীর শাহবাগ, কাঁটাবন ও হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাংবাদিকদের জানান, তাদের লক্ষ্য শুধু সংসদে যাওয়া নয়; বরং সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন