- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫০৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
আইএসপিআর জানায়, ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দেশব্যাপী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ মোকাবিলায়ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আইএসপিআর সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে নিকটস্থ সেনাক্যাম্পে বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছে।