Tuesday, July 21, 2026

দেশে খেলাপি ঋণ ৫.৪৪ লাখ কোটি টাকা, এমপিদের সংশ্লিষ্ট ঋণ ১১ হাজার কোটি ছাড়িয়েছে


প্রতীকী ছবিঃ খেলাপি ঋণ ও বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে বর্তমান সংসদ সদস্যদের কেউ কেউ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবুল হাসনাত–এর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য দেন।

অর্থমন্ত্রী জানান, আদালতের নির্দেশনার কারণে আরও ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক লেনদেনে চাপ এবং ব্যাংকিং খাতের দুর্বলতা—এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ করছে।

সংসদে অর্থমন্ত্রী শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করেন। তালিকায় এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বেক্সিমকো শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠানসহ বিভিন্ন বড় কোম্পানির নাম রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট ঋণের পরিমাণ তিনি উল্লেখ করেননি।

খেলাপি ঋণ আদায়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অনিয়ম দূর করা এবং ঋণ আদায় কার্যক্রম জোরদার করা।

এছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি ও এলএনজি আমদানির উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং নিম্নআয়ের মানুষের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানো এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন