- ০৭ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় মোবাইল অপারেটর রবি আজিয়াটা–এর আর্থিক কার্যক্রম নিয়ে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ জানিয়েছে, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন, তথ্য প্রকাশের যথার্থতা এবং বিদ্যমান আইন-কানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা খতিয়ে দেখা হবে।
তদন্তের অন্যতম প্রধান বিষয় হিসেবে উঠে এসেছে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে পরিচালন ব্যয়কে মূলধনি ব্যয় হিসেবে দেখানোর অভিযোগ। বিএসইসি যাচাই করবে, এর মাধ্যমে প্রকৃত আর্থিক অবস্থার কোনো ধরনের বিকৃতি ঘটেছে কি না এবং এ থেকে কারা সুবিধা পেয়েছে।
এছাড়া কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা—বিশেষ করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং অডিট কমিটির ভূমিকা পর্যালোচনার আওতায় আনা হবে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতাও গুরুত্ব পাবে।
তদন্তে আরও দেখা হবে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান থায়াপারান এস সাংগারাপিল্লাইয়ের অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সংশ্লিষ্ট লেনদেনগুলো কতটা স্বাধীন ও স্বচ্ছ ছিল। একইসঙ্গে দুই স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের পেছনের কারণ এবং অভ্যন্তরীণ তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন খতিয়ে দেখা হবে।
বিএসইসি জানিয়েছে, রবি আজিয়াটার ২০২১ ও ২০২২ সালের বার্ষিক প্রতিবেদনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা হয়েছে কি না এবং শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের যথাযথ জবাব দেওয়া হয়েছে কি না—এসব বিষয়ও তদন্তের অংশ হবে।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, প্রয়োজন অনুযায়ী তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ তদন্তের ফলাফল পুঁজিবাজারে করপোরেট সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।