- ১৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন জমা দেন।
আবেদনে বলা হয়, স্বাস্থ্য খাতে টিকা ক্রয় ও সরবরাহ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীরা অভিযোগে উল্লেখ করেন, হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন বলে তারা দাবি করেন।
আবেদনে আরও বলা হয়, সরকারিভাবে টিকা সরবরাহ ও ক্রয় ব্যবস্থায় পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনা হয়েছিল, যা স্বাস্থ্য খাতে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগকারীদের ধারণা।
তারা দাবি করেন, পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও সময়মতো টিকা সংগ্রহ ও বিতরণে ব্যর্থতা দেখা গেছে, যার ফলে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে।