- ১৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর মেট্রোরেলের দুটি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরো দিনজুড়ে বন্ধ থাকবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবকে কেন্দ্র করে জনসমাগম ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কারণে যাত্রীদের বিকল্প যাত্রাপথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী অন্যান্য স্টেশনের কার্যক্রম চালু থাকবে।