- ২৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের হালিশহর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননকাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার রাতে একটি নির্মাণ প্রকল্পে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে চলমান খননকাজের সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।
সহকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের বের করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকদের নাম রাকিব ও তুষার। তাদের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। আহত শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহতদের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।