- ১০ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। তিনি বলেছেন, কার্ড বিতরণের সময় পরিবারের নারীপ্রধানদের গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরের পতেঙ্গা বিমানবন্দর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। অনুষ্ঠানে পাঁচজন নারীর হাতে সরাসরি কার্ড তুলে দেন অর্থমন্ত্রী।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম ধাপে ওয়ার্ডের ৫ হাজার ৫৭৫টি পরিবারের প্রধান নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এর আওতায় প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।
মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের জীবনে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা হবে। পরিবারের নারীপ্রধানকে ক্ষমতায়ন করা না গেলে তাঁর সক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক সম্মান বৃদ্ধি পাবে না, যা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।”
তিনি আরও উল্লেখ করেন, সাধারণত দেশের প্রকল্পগুলো বাস্তবায়নে অনেক সময় লাগে। তবে সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে অল্প সময়ে তা সম্ভব। ফ্যামিলি কার্ড প্রকল্প তারই প্রমাণ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এই কার্ডের জন্য কোনো আবেদন করতে হয়নি; সরকার নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র পরিবারগুলোর জরিপ করে কার্ড প্রদান করছে। প্রথমে হতদরিদ্র, পরে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী বলেন, “বাজেটের বড় অংশ এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা হবে।”
ফ্যামিলি কার্ডের পাশাপাশি সরকারের উদ্যোগে স্বাস্থ্যসেবা কর্মসূচি ও ফার্মারস কার্ড চালু করা হয়েছে। দরিদ্র কৃষকদের প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে, যাতে তারা নতুনভাবে কৃষিকাজ শুরু করতে পারে এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন, এবং বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা।