Saturday, August 1, 2026

চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে যাচ্ছেন এনসিপি নেতারা


প্রতীকী ছবিঃ এনসিপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে হামলায় চোখ হারানো কিশোর আলিফকে দেখতে হাসপাতালে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আলিফের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

আলিফকে দেখার পর বিকেল সাড়ে ৪টায় হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এনসিপির নেতারা। এ সময় হামলার ঘটনা, আলিফের বর্তমান শারীরিক অবস্থা এবং এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজের।

এর আগে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, বিএনপির নেতাকর্মীদের হামলায় কিশোর আলিফ গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

তবে হামলার অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন