Sunday, April 19, 2026

চলতি করবছরে ৪০ লাখের বেশি ই-রিটার্ন দাখিল: এনবিআর


ছবিঃ জাতীয় রাজস্ব বোর্ড (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চলতি ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

এনবিআর জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন এবং ৪০ লাখের বেশি ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন।

চলতি অর্থবছরের আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪ জন, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২ জন, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬ জন, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন এবং ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮ জন ই-রিটার্ন দাখিল করেছেন। জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ জন এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ জন রিটার্ন জমা দিয়েছেন। তুলনায়, গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ই-রিটার্ন দাখিল করেছিলেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা।

এবার জমা দেওয়া রিটার্নের মধ্যে ২৮ লাখের বেশি পুরুষ এবং প্রায় ১১ লাখ নারী করদাতা রয়েছেন। বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখের বেশি পুরুষ ও প্রায় ৪ লাখ ৮০ হাজার নারী। বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন প্রায় ১ লাখ ৮৮ হাজার পুরুষ এবং ৮৪ হাজারের বেশি নারী।

করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখের বেশি পুরুষ ও প্রায় ৭ লাখ ৬৫ হাজার নারী করদাতা। ৫ থেকে ১০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫ লাখের বেশি পুরুষ ও প্রায় ২ লাখ নারী। ১০ থেকে ২০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার পুরুষ এবং ৪৭ হাজারের বেশি নারী। ২০ থেকে ৪০ লাখ টাকার মধ্যে আয় দেখিয়েছেন ৫৪ হাজারের বেশি পুরুষ ও ১১ হাজারের বেশি নারী। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজারের বেশি পুরুষ এবং ৫ হাজারের বেশি নারী করদাতা। সম্পদের ভিত্তিতে সারচার্জ দিয়েছেন প্রায় ৫০ হাজার করদাতা।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ই-মেইলের মাধ্যমে আবেদন করে ওটিপি সংগ্রহের পর অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

কোনো কাগজপত্র আপলোড ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য অনলাইনে প্রদান করে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধ করা যাচ্ছে। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি স্বীকারপত্র ও কর সনদ পাওয়া যাচ্ছে। ভুল হলে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। ইতোমধ্যে ৫৬ হাজারের বেশি করদাতা সংশোধিত রিটার্ন জমা দিয়েছেন।

ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআরের কল সেন্টার নম্বর ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১-এ যোগাযোগ করা যাচ্ছে। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটেও অভিযোগ বা প্রশ্ন জানানো যাচ্ছে। সারাদেশের কর অঞ্চলে ই-রিটার্ন হেল্পডেস্ক চালু রয়েছে।

এনবিআর সব করদাতাকে আগামী ৩১ মার্চের মধ্যে ই-রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে, যাতে জরিমানা এড়ানো যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন