Saturday, May 23, 2026

চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত, চলছে উদ্ধার অভিযান


প্রতীকী ছবিঃ চীনের শানসি প্রদেশ (সংগৃহীত । আল জাজিরা)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

চীনের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘটনাটি দেশটির অন্যতম ভয়াবহ খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এবং এতে শতাধিক শ্রমিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শুক্রবার শানসি প্রদেশের কুইয়ান কাউন্টির লিউশেনইউ কয়লা খনিতে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং বহু শ্রমিক আটকা পড়েন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা অভিযান শুরু করে। এখনো খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের আগে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল, যা বিস্ফোরণের কারণ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, খনিটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনার পর দেশজুড়ে কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঝুঁকি শনাক্তকরণ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।

বিশেষজ্ঞদের মতে, চীনের কয়লা খনিগুলো দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকির জন্য পরিচিত। দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, তদারকির ঘাটতি এবং কিছু ক্ষেত্রে দুর্নীতির কারণে এসব দুর্ঘটনা বারবার ঘটছে।

শানসি প্রদেশ, যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চলগুলোর একটি। গত বছর একাই এখানে ১ বিলিয়নের বেশি টন কয়লা উৎপাদন হয়েছে, যা দেশের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।

চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী ও ব্যবহারকারী দেশ। একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম বৃহৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও শীর্ষ অবস্থানে রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন