Saturday, February 14, 2026

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩


ছবিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি দেশীয় বিস্ফোরক তৈরির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজনের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)। তাদের দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল ঘিরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহতরা ককটেল তৈরির সঙ্গে জড়িত ছিলেন। বিস্ফোরণের কারণ ও ঘটনার পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন