- ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁদপুর
নির্বাচন-পরবর্তী সময়ের বিশৃঙ্খলার ঘটনায় নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। শুক্রবার রাতে চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনাকর পরিস্থিতির পর এ পদক্ষেপ নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের ফল ঘোষণার পর ওই এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬) এবং ইব্রাহিম (ইবু) গাজীর ছেলে জনি গাজী (৩০)। এছাড়া একই এলাকা থেকে মনির ও ফাহিম নামে আরও দুই যুবককে থানায় নেওয়া হয়েছে।
থানা সূত্র জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়দের মতে, নির্বাচন-পরবর্তী সময়কে ঘিরে এলাকায় উত্তেজনা থাকলেও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।