- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে হিন্দুধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি করেছেন বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল।
অভিযোগে বলা হয়, রণবীর সিং কর্নাটকের শ্রদ্ধেয় দেবী চামুণ্ডাদেবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছে। বিশেষ করে দেবী চামুণ্ডাদেবীর উপস্থাপনাকে বিকৃতভাবে তুলে ধরার অভিযোগ আনা হয়েছে অভিনেতার বিরুদ্ধে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে রণবীর সিং একটি বক্তব্য দেন। সেখানে তিনি ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমার একটি দৃশ্যের অনুকরণ করেন। ওই দৃশ্যে অভিনেতা ঋষভ শেট্টির চরিত্রে চামুণ্ডাদেবীর আবির্ভাব দেখানো হয়। অভিযোগকারীর দাবি, সেই অনুকরণ করতে গিয়ে রণবীর সিং দেবী চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে উল্লেখ করেন, যা অত্যন্ত আপত্তিকর।
আইনজীবী প্রশান্ত মেথাল অভিযোগে উল্লেখ করেন, চামুণ্ডাদেবী কর্নাটকের উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে একজন সম্মানিত রক্ষাকর্ত্রী দেবী। তিনি ঐশী নারীশক্তির প্রতীক এবং ভক্তদের কাছে গভীরভাবে পূজিত। তাঁকে ভূত হিসেবে উপস্থাপন করা ধর্মীয় বিশ্বাসের অবমাননা এবং এটি হিন্দুধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত করেছে বলে অভিযোগে বলা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলাটি বেঙ্গালুরুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালত মামলাটির শুনানির জন্য আগামী ৮ এপ্রিল দিন নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর একই আইনজীবী একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৩ জানুয়ারি আদালত হাই গ্রাউন্ডস থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে থানায় মামলাটি রুজু করা হয়েছে।