Saturday, September 12, 2026

‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ নিয়ে টিআইবির কঠোর সমালোচনা


প্রতীকী ছবিঃ টিআইবি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

ব্যাংক খাতে দুর্বল ও একীভূত প্রতিষ্ঠানগুলোর পুরোনো শেয়ারধারীদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগ রাখায় নতুন প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এই আইনের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার পরিবর্তে তাদের জন্য পুনর্বাসনের পথ উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইনে যুক্ত নতুন বিধান ব্যাংক বিপর্যয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ কমিয়ে দিয়েছে। বরং এতে দায়মুক্তির একটি কাঠামো তৈরি হয়েছে, যা ভবিষ্যতে ব্যাংক খাতকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

তিনি উল্লেখ করেন, এর আগে জারি করা ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫’-এ অনিয়মে জড়িতদের আর্থিক ক্ষতিপূরণ দিলেও তাদের মালিকানায় ফিরে আসার সুযোগ ছিল না। কিন্তু নতুন আইনে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়ায় সুশাসনের প্রশ্নে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে।

টিআইবির মতে, এই সিদ্ধান্ত ব্যাংক খাতের দীর্ঘদিনের অনিয়ম ও জবাবদিহিতার সংকট দূর করার পরিবর্তে সমস্যাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে। এতে দায়ীদের শাস্তির বদলে কার্যত পুরস্কৃত করা হচ্ছে বলেও মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক।

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে টেকসই সংস্কার নিশ্চিত করতে হলে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় মালিকানা পুনর্বহালের মতো পদক্ষেপ পুরো সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করবে এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে টিআইবি বলেছে, ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে প্রণীত আইন যেন কোনোভাবেই বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার না হয়—সে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন