Wednesday, February 25, 2026

বয়স যাচাই আইন কঠোর: নতুন ‘এজ অ্যাসিউরেন্স’ টুলস আনছে অ্যাপল


প্রতীকী ছবিঃ অ্যাপ স্টোর (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বের বিভিন্ন দেশে বয়স যাচাই–সংক্রান্ত আইন কঠোর হওয়ায় সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন প্রযুক্তিগত টুলস চালু করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর অংশ হিসেবে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত অ্যাপ ডাউনলোডে অতিরিক্ত যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উটাহ ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের আইন মেনে চলতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ডেভেলপারদের পাঠানো এক বার্তায় অ্যাপল জানায়, তাদের “এজ অ্যাসিউরেন্স” বা বয়স নিশ্চিতকরণ টুলসের পরিধি বাড়ানো হচ্ছে। এর মধ্যে রয়েছে হালনাগাদ ঘোষিত বয়স সীমা এপিআই যা বর্তমানে বেটা পরীক্ষায় রয়েছে। এই এপিআইয়ের মাধ্যমে অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীর সুনির্দিষ্ট জন্মতারিখ না জেনেও তার বয়সের শ্রেণি (যেমন কিশোর, প্রাপ্তবয়স্ক) জানতে পারবেন।

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রাপ্তবয়স্কদের অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের প্রবণতা বাড়ায় এ ধরনের প্রযুক্তিগত সমাধানের প্রয়োজন দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে ব্রাজিলে ব্যবহারকারী বা তার অভিভাবক সম্মতি দিলে ডেভেলপাররা এই এপিআইয়ের মাধ্যমে বয়সের ক্যাটাগরি জানতে পারবেন।

অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে এখন থেকে ১৮+ রেটিংধারী অ্যাপ ডাউনলোডের আগে ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। অ্যাপ স্টোর নিজস্ব ব্যবস্থায় এই যাচাই করবে। তবে অ্যাপল জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের আইনের আলোকে ডেভেলপারদেরও আলাদা শর্ত পূরণ করতে হতে পারে।

বিশেষ করে ব্রাজিলে যেসব গেমে ‘লুট বক্স’ রয়েছে যেখানে অর্থ ব্যয়ের মাধ্যমে এলোমেলোভাবে ভার্চ্যুয়াল পুরস্কার পাওয়া যায় সেগুলোর বয়স রেটিং ১৮+ হিসেবে হালনাগাদ করা হবে। আইনপ্রণেতাদের মতে, এ ধরনের গেমিং ব্যবস্থা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উটাহ ও লুইজিয়ানায় নতুন ব্যবহারকারীদের বয়সের শ্রেণি ডেভেলপারদের অ্যাপে শেয়ার করা হবে একই এপিআইয়ের মাধ্যমে। এছাড়া বয়স রেটিং ও অভিভাবকীয় অনুমতির ক্ষেত্রেও অ্যাপল তাদের বিদ্যমান সরঞ্জাম উন্নত করেছে।

প্রতিষ্ঠানটির এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, নতুন এপিআইয়ের মাধ্যমে বোঝা যাবে কোনো ব্যবহারকারীর ক্ষেত্রে বয়স–সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা প্রযোজ্য কি না এবং বয়সের তথ্য শেয়ার করা বাধ্যতামূলক কি না। এমনকি শিশুদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাপ আপডেটের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি প্রয়োজন হলে সেটিও জানা যাবে।

গত বছর টেক্সাসে অনুরূপ আইন কার্যকর হওয়ায় সেখানেও কিছু পদক্ষেপ নিয়েছিল অ্যাপল। তবে আইনটি আদালতে চ্যালেঞ্জ হওয়ায় ডিসেম্বর মাসে কিছু পরিকল্পনা স্থগিত রাখা হয়। একই সময়ে অ্যাপ স্টোরের বয়স রেটিং ব্যবস্থায় আরও বিস্তারিত শ্রেণিবিন্যাস যুক্ত করা হয় এবং নতুন অ্যাপ জমা দেওয়ার সময় ডেভেলপারদের জন্য অতিরিক্ত প্রশ্ন সংযোজন করা হয়।

বয়স যাচাই আইন কঠোর হওয়ায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়ছে। এ প্রেক্ষাপটে অ্যাপলের নতুন উদ্যোগ বৈশ্বিক অ্যাপ বাজারে নীতিমালা মেনে চলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন