- ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ছবি ও সেলফি যাচাই সম্পন্ন না হলে কোনো আবেদনকারী প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না বলে জানানো হয়েছে।
ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে ছবি ও সেলফি সঠিকভাবে গৃহীত না হলে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাবেন। তাই শেষ সময়ের আগেই প্রার্থীদের প্রয়োজনীয় ধাপ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়। এর আগে গত ৭ ডিসেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তিন দফা সময় বাড়ানোর পর ১৬ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এবারের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পাশাপাশি দ্বিতীয়বার আবেদনকারীদের জন্যও সুযোগ রাখা হয়েছে।
বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে প্রার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে: ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।