- ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফাঁকা থাকা আসনগুলো পূরণের জন্য ১০ মার্চ দুটি পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট ৬৩০টি আসনের মধ্যে মাত্র ২০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এতে প্রায় ৬৭ শতাংশ আসন ফাঁকা রয়ে গেছে। তৃতীয় ধাপের মাধ্যমে মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বাকি ৪২১টি আসন পূরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত থাকতে হবে এবং দুপুর ১২টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। একই দিনে দ্বিতীয় পর্যায়ে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হতে হবে এবং দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে।
এখন পর্যন্ত ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৪ জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৯ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৩ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১ জন এবং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিশ্ববিদ্যালয় জানায়, ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভাগ পছন্দক্রমের ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.butex.edu.bd) থেকে ডাউনলোড ও প্রিন্ট করে যথাযথভাবে পূরণ করে ভর্তি দিনের সময় সঙ্গে আনতে হবে।
বুটেক্স প্রশাসন জানিয়েছে, সময়মতো উপস্থিত না হলে শিক্ষার্থীকে ভর্তি কার্যক্রম থেকে বাদ দেওয়া হতে পারে, তাই শিক্ষার্থীদের সময়মতো উপস্থিত থাকার জন্য সতর্ক করা হয়েছে।