Monday, March 9, 2026

বরিশালে জামায়াতের ইফতার মাহফিল: নির্বাচনী ফলাফল নিয়ে প্রশ্ন গোলাম পরওয়ারের


ছবিঃ বরিশালে জামায়াতের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার সন্ধ্যায় নগরের এ কে স্কুলে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

বরিশাল নগরে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে এবং ক্ষমতায় যাওয়ার পর কিছু রাজনৈতিক দল জুলাই আন্দোলনের ইতিহাসকে অস্বীকার করছে।

রোববার বিকেলে বরিশাল নগরের গির্জা মহল্লা এলাকার এ কে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। তবে নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ভোটের ফলাফল প্রভাবিত করে ক্ষমতায় যাওয়ার অভিযোগ রয়েছে এবং এ বিষয়টি নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতের বিভিন্ন নির্বাচনে তারা নিজেদের মতামত স্পষ্টভাবে জানাবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনগুলোতে তার দল অংশ নেবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুয়াযযম হোসাইন হেলাল। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বরিশাল অঞ্চল জামায়াতের সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, মহানগর নায়েবে আমির মাহমুদ হোসাইন এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান এবং বরিশাল প্রেসক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন