Friday, July 10, 2026

ব্রাজিলের রেকর্ড ছুঁয়ে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স


ছবিঃ বিশ্ব ফুটবলে নিজেদের সোনালি সময় পার করছে ফ্রান্স (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্ব ফুটবলে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একবার প্রমাণ করল ফ্রান্স। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশমের দল। এই সাফল্যের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে অষ্টমবার শেষ চারে উঠে ব্রাজিলের রেকর্ডও স্পর্শ করেছে ফরাসিরা।

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফ্রান্স। আক্রমণভাগে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের কার্যকর ফুটবলে প্রতিপক্ষকে চাপে রেখে দুই গোলের জয় নিশ্চিত করে তারা।

এই জয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দলগুলোর তালিকায় আরও উঁচুতে উঠে এসেছে ফ্রান্স। এখন পর্যন্ত জার্মানি ১২ বার শেষ চারে উঠে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মতো ফ্রান্সও এবার অষ্টমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল। ইতালি খেলেছে সাতটি সেমিফাইনাল।

শুধু শেষ চারে ওঠাই নয়, ধারাবাহিক পারফরম্যান্সেও অনন্য নজির গড়েছে ফরাসিরা। ২০১৮, ২০২২ এবং ২০২৬—টানা তিনটি বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিয়ে তারা জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে এমন কীর্তি গড়ল।

এর আগে জার্মানি ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত টানা চারটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল এবং ২০১৪ সালে শিরোপাও জিতেছিল। অন্যদিকে, ব্রাজিল ১৯৯৪ থেকে ২০০২ সালের মধ্যে টানা তিনটি বিশ্বকাপের শেষ চারে উঠে দুটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। এবার সেই অভিজাত তালিকায় নিজের নাম যুক্ত করল ফ্রান্স।

২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছিল ফরাসিরা। এবার আবারও বিশ্বকাপ জয়ের হাতছানি তাদের সামনে।

চলতি আসরে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। নির্ধারিত ৯০ মিনিটেই টানা পাঁচটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছানো একমাত্র দল তারা। সংগঠিত রক্ষণ, দ্রুতগতির আক্রমণ এবং ধারাবাহিক পারফরম্যান্সে শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে দেশমের শিষ্যরা।:::

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন