Thursday, February 5, 2026

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ফেলোশিপে আবেদন আহ্বান


ছবিঃ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (STFT) দেশের ভেতরে ও বিদেশে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য ফেলোশিপ প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ট্রাস্ট সূত্র জানায়, আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১৮ নভেম্বর ২০২৫ থেকে এবং শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এই ফেলোশিপের আওতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ, বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কৃষি, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও প্রাণিসম্পদ, জ্বালানি ও নিউক্লিয়ার প্রযুক্তি, টেক্সটাইল, রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত বিভিন্ন ক্ষেত্রে অধ্যয়ন ও গবেষণার সুযোগ থাকবে।

ফেলোশিপের জন্য আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখে এমএস, এমফিল বা সমমানের কোর্সের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং পিএইচডি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪২ বছর নির্ধারণ করা হয়েছে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রকাশিত সর্বশেষ বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ের শীর্ষ ১ থেকে ৪০০-এর মধ্যে থাকা কোনো বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অফার লেটার থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে বৈধ IELTS (Academic), TOEFL iBT অথবা PTE Academic পরীক্ষার স্কোর থাকতে হবে। দেশে পড়াশোনার জন্য আবেদন ফি দুই হাজার টাকা এবং বিদেশে পড়াশোনার জন্য আবেদন ফি পাঁচ হাজার টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে, যা ফেরতযোগ্য নয়।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের প্রিন্ট কপি, ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে নির্ধারিত ঠিকানায় স্পাইরাল বাইন্ডিংসহ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র না পৌঁছালে আবেদন বাতিল বলে গণ্য হবে।

ফেলোশিপের যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত নির্দেশনা বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য নির্ধারিত সাপোর্ট পোর্টালে টিকিট খোলা বা হেল্পলাইনে যোগাযোগ করার সুযোগ রয়েছে।

এই ফেলোশিপ কর্মসূচির মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উচ্চতর শিক্ষা ও গবেষণায় মেধাবী শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন