Tuesday, July 21, 2026

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশের দায়িত্ব আবারও গভর্নিং বডির হাতে


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজে শিক্ষক ব্যতীত অন্যান্য কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে। এর ফলে কর্মচারী নিয়োগের সুপারিশের দায়িত্ব আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অধীনেই ফিরে গেল।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য গত বছরের ২৮ আগস্ট জারি করা পরিপত্র বাতিল করা হলো।

এর ফলে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার সংশ্লিষ্ট বিধান আবার কার্যকর থাকবে। তবে ওই নির্দেশিকার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’-এ উল্লেখিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত বিধান আগের মতোই বহাল থাকবে। অন্যদিকে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার বা ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়কসহ অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা কার্যকর থাকবে।

গত বছরের ২৮ আগস্ট জারি করা পরিপত্রে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী নিয়োগের জন্য জেলা প্রশাসককে সভাপতি করে একটি নিয়োগ সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই কমিটিতে সদস্য হিসেবে সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, শিক্ষা বোর্ডের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি এবং সদস্যসচিব হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালনের কথা উল্লেখ ছিল।

এ ছাড়া সেই নির্দেশনায় লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ করার দায়িত্বও ওই কমিটির ওপর ন্যস্ত করা হয়েছিল। প্রয়োজন হলে জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে একাধিক মৌখিক পরীক্ষা বোর্ড গঠনের সুযোগও রাখা হয়েছিল।

তবে সর্বশেষ সিদ্ধান্তের ফলে সেই ব্যবস্থা বাতিল হয়ে নিয়োগ প্রক্রিয়া আবারও আগের কাঠামোয় ফিরে যাচ্ছে।

২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশনা অনুযায়ী, শিক্ষক ব্যতীত অন্যান্য কর্মচারী নিয়োগের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে নিয়োগ কমিটি গঠিত হবে। ওই কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি এবং সদস্যসচিব হিসেবে প্রতিষ্ঠানের প্রধান দায়িত্ব পালন করবেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন এই সিদ্ধান্তের ফলে নিয়োগ কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হলো। একই সঙ্গে আগের নিয়মে ফিরে যাওয়ায় দীর্ঘদিনের অনিশ্চয়তারও অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন