Friday, February 13, 2026

বছরের শুরুতেই রেমিট্যান্সে বড় লাফ, ২১ দিনে এলো ২৩৩ কোটি ডলার


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারির প্রথম ২১ দিনেই দেশে এসেছে ২৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। সর্বশেষ সপ্তাহে প্রতিদিন গড়ে ১১ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ২১ জানুয়ারিতেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ১১ কোটি ডলার। এ নিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৯ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৫২৮ কোটি ডলার। ফলে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ দশমিক ৭ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, জানুয়ারির বাকি দিনগুলোতেও প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে। বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এর পেছনে ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা।

গত কয়েক মাসের পরিসংখ্যানেও ঊর্ধ্বমুখী চিত্র দেখা যাচ্ছে। গত ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ডলার, যা নভেম্বরের তুলনায় প্রায় ৩৩ কোটি ডলার বেশি। এর আগের মাস নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ২৮৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারাবছরে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৮২ কোটি ডলার। এই অঙ্কটি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় সমপরিমাণ, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন