- ০৯ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যস্থতাকারী ফি ও অন্যান্য খরচ কমানোর উদ্যোগও গ্রহণ করেছে দুই দেশ। বৃহস্পতিবার (৯ মার্চ) মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের মধ্যে শ্রম অভিবাসন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শ্রমবাজার খোলা, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নৈতিক করা এবং খরচ কমানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ ত্বরান্বিত করার জন্য দুই দেশ একমত হয়েছে। বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আগামী সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ শ্রম সম্পর্ক ও অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মানবপাচার প্রতিরোধ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।
দ্বিপাক্ষিক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক শ্রম অভিবাসন অংশীদারিত্ব বজায় রাখতে সম্মত হয়েছে। মালয়েশিয়ায় প্রযুক্তি-ভিত্তিক এআই নিয়োগ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্থতাকারী কমানো এবং শ্রমিকদের খরচ শূন্য করার উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশি পক্ষও অন্যান্য প্রেরণকারী দেশকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে সমর্থন জানিয়েছে।
উভয় পক্ষ শ্রমিকদের নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও তথ্য আদান-প্রদানে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে। নিয়মিত বৈঠক এবং ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দেশ একমত হয়েছে।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দিকে বড় ধাপ নেওয়া হলো।