Monday, February 9, 2026

বাংলাদেশ ইস্যুতে আইসিসির কাছে তিন দফা দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের


ছবিঃ রোববার রাতে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠক করেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের পাশে অবস্থান নেয় এবং ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনায় আনে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়—বাংলাদেশের ক্ষতি পুষিয়ে নেওয়ার বিষয়ে নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ খেলার প্রশ্নই আসে না।

পিসিবির উত্থাপিত দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো, বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও বাংলাদেশের জন্য নির্ধারিত অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিশ্চিত করতে হবে। তৃতীয় দাবিতে ভবিষ্যতে আইসিসির কোনো বড় বৈশ্বিক আসরের আয়োজক হওয়ার সুযোগ বাংলাদেশকে দেওয়ার প্রতিশ্রুতি চাওয়া হয়েছে।

আইসিসি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আলাদা করে ক্ষতিপূরণ দেওয়ার বিধান না থাকলেও সংস্থাটির মোট আয়ের অংশ হিসেবে বাংলাদেশকে পূর্ণ আর্থিক হিস্যা দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। যদিও বোর্ডের ভেতরে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে মত রয়েছে, তবুও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন।

এই অচলাবস্থা কাটাতে গত রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল লাহোরে আইসিসি ও পিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে আইসিসি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনুরোধ জানায় এবং একই সঙ্গে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেয়।

কঠিন সময়ে বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। জানা গেছে, বাংলাদেশ ও আইসিসির মধ্যকার বিদ্যমান সংকট নিরসনে একটি সমন্বিত সমাধানসূত্র ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন