Sunday, September 13, 2026

বাংলাদেশ ব্যাংকর নতুন স্কিম: পাঁচ ইসলামি ব্যাংকের আমানত ফেরতের সময়সূচি চূড়ান্ত


প্রতীকী ছবিঃ পাঁচ ইসলামি ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পাঁচটি ইসলামি ব্যাংকের আমানত ফেরতের সময়সূচি ও ব্যবস্থাপনা কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই স্কিমের বিস্তারিত তুলে ধরে।

প্রজ্ঞাপনে জানানো হয়, যেসব গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ পুরোপুরি সুরক্ষিত থাকবে এবং ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় যেকোনো সময় সম্পূর্ণ টাকা উত্তোলন করা যাবে। একীভূতকরণ কার্যকর হওয়ার পরের কার্যদিবস থেকেই এই অর্থ তোলার সুযোগ পাবেন গ্রাহকেরা।

দুই লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে কিস্তিতে অর্থ উত্তোলনের ব্যবস্থা রাখা হয়েছে। চলতি ও সঞ্চয়ী হিসাবের অতিরিক্ত অর্থ সর্বোচ্চ ২৪ মাসে বিভিন্ন ধাপে তোলা যাবে। স্কিম কার্যকর হওয়ার তিন মাস পর প্রথম ধাপে এক লাখ টাকা উত্তোলন করা যাবে। এরপর ৬, ৯, ১২, ১৫, ১৮ ও ২১ মাস পর পর্যায়ক্রমে আরও এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ থাকবে। বাকি অর্থ ২৪ মাস শেষে উত্তোলন করা যাবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রেও একই সময়সূচি প্রযোজ্য হবে।

তবে গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য বিশেষ মানবিক সুবিধা রাখা হয়েছে। ক্যানসার, কিডনি ডায়ালাইসিসসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সীমা ও সময়ের বাইরে গিয়েও আমানতের অর্থ তুলতে পারবেন।

এদিকে পাঁচ ইসলামি ব্যাংককে একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের প্রক্রিয়াও চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন এই প্রতিষ্ঠানের অধীনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করা হবে। ইতোমধ্যে নতুন ব্যাংকের লোগোও উন্মোচন করা হয়েছে।

মেয়াদি ও স্থায়ী আমানতের ক্ষেত্রেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ আমানতকারীরা তাঁদের স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নিতে পারবেন। তিন মাস মেয়াদি আমানত স্কিম কার্যকরের পর তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। ৩ থেকে ৬ মাস ও ৬ থেকে ১২ মাস মেয়াদি আমানত দুবার করে নবায়ন করা হবে।

এ ছাড়া এক থেকে দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি, দুই থেকে তিন বছর মেয়াদি আমানত চার বছর মেয়াদি এবং তিন থেকে চার বছর মেয়াদি আমানত পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ শেষে পরিশোধযোগ্য থাকবে।

নতুন ব্যাংক পরিচালনার জন্য প্রাথমিকভাবে সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে, যেখানে কমপক্ষে অর্ধেক সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই স্কিমের মাধ্যমে আমানতকারীদের আস্থা রক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন