- ১৪ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। মৃত্যুর এক মাস আগেই শেষবারের মতো তাঁর সঙ্গে দেখা হয়েছিল অভিনেত্রী সায়রা বানুর। সেই স্মৃতিচারণায় আবেগে ভাসলেন তিনি।
সায়রা বানু জানান, রমজান মাস চলাকালে একটি অনুষ্ঠানে তাঁদের শেষ সাক্ষাৎ হয়। দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কথা বলেন। সে সময় আশা ভোসলেকে কিছুটা ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল, যা তাঁর মনে গভীর দুঃখের ছাপ ফেলে।
সাক্ষাৎকারে সায়রা বানু বলেন, রমজান মাসে তাদের ফোনালাপও হয়েছিল। তখন তিনি একটি সাক্ষাৎকারে আশার ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতি দেখে অনুপ্রাণিত হয়ে যোগাযোগ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই তাঁর অসুস্থতার খবর পাওয়া যাবে, তা তিনি কল্পনাও করেননি।
তিনি আরও জানান, আরেকটি অনুষ্ঠানে সম্ভবত অর্জুন টেন্ডুলকারের বিয়েতে শেষবার সরাসরি দেখা হয়েছিল আশার সঙ্গে। সেখানেও তাঁকে খুব দুর্বল অবস্থায় দেখেছিলেন তিনি।
আশা ভোসলে ও সায়রা বানুর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ও ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল বলেও জানান তিনি। তাঁদের পরিবারের মধ্যে গান, আড্ডা ও সামাজিক অনুষ্ঠানের স্মৃতি আজও অমলিন।
বন্ধুকে হারানোর বেদনা প্রকাশ করে সায়রা বানু বলেন, প্রিয়জনকে হারানো কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা যায় না। আশার মতো একজন গুণী শিল্পীর চলে যাওয়া সংগীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।