Thursday, May 21, 2026

আড়াইহাজারে মাটি কাটার বিরোধ করায় বিএনপি নেতা খুন, আটক ৩


ছবিঃ ওসমান গনি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচগাঁও এলাকায় একটি জমির মাটি বিক্রি নিয়ে ওসমান গনির সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলছিল। বিশেষ করে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়ার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন কাদার মধ্যে আটকে যায়। খবর পেয়ে ওসমান গনি ঘটনাস্থলে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে।

সঙ্গে থাকা লোকজনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা মুখ গামছা দিয়ে ঢেকে রেখেছিল এবং তারা ওসমান গনিকে লক্ষ্য করেই হামলা চালায়। প্রথমে লোহার রড দিয়ে আঘাত করা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ওসমান গনির সমর্থকরা ব্রাহ্মন্দী-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন