- ১৮ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের পরবর্তী কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে সম্প্রতি যেসব তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয়। ১৬ এপ্রিল কোনো বৈঠক হয়নি; বরং বৈঠকটি অনুষ্ঠিত হয় তার আগের দিন। ওই বৈঠকেও ঋণ ছাড়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানানো হয়েছে।
বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধিদল দুই দফা বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খাসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রথমে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন এবং পরে উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক-এর সঙ্গে বৈঠক করেন।
আলোচনায় বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার নিয়ে বিস্তারিত কথা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশ কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে।
তবে কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও আলোচনা প্রয়োজন বলে উভয় পক্ষই মনে করছে। বিশেষ করে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব বিষয়েই সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে আশা করা হচ্ছে। আইএমএফ বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।