- ২০ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আগামী ১ জুলাই থেকে দেশের সব সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি বাধ্যতামূলকভাবে ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা দিতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ব্যবহৃত ম্যানুয়াল চালান ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের একটি শাখা থেকে জারি করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব ইশরাত জাবিন।
পরিপত্রে বলা হয়, সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নগদ অর্থ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবিধানের বিধান অনুযায়ী সরকারের সব রাজস্ব ও অন্যান্য আয় ‘সংযুক্ত তহবিল’ অথবা ‘প্রজাতন্ত্রের সরকারি হিসাব’-এ জমা হওয়ার কথা উল্লেখ করে পরিপত্রে বলা হয়, এসব অর্থ বাংলাদেশ ব্যাংকে রক্ষিত ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (টিএসএ) ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।
তবে বাস্তবে কিছু দপ্তর এখনও পুরোনো ম্যানুয়াল কোড ব্যবহার করে অর্থ জমা দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে টিএসএ এড়িয়ে বাণিজ্যিক ব্যাংকে নিজেদের নামে পৃথক হিসাব খুলে সরকারি অর্থ সংরক্ষণের অভিযোগও রয়েছে।
অর্থ বিভাগের মতে, এ ধরনের অনিয়মের কারণে সরকারের প্রকৃত নগদ অর্থের সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে থাকা অর্থ প্রয়োজনের সময় ব্যবহার করা না যাওয়ায় সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদের ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সব ধরনের সরকারি রাজস্ব ও প্রাপ্তি কেবলমাত্র ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে গ্রহণ ও জমা দিতে হবে। কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা অধীনস্থ দপ্তরে বিকল্প কোনো অর্থ গ্রহণ ব্যবস্থা থাকলে তা অবিলম্বে বাতিল করতে বলা হয়েছে।
এছাড়া সরকারি দপ্তরগুলোর বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত সব অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে ‘এ-চালান’ ব্যবস্থার মাধ্যমে টিএসএ-তে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে নগদ অর্থের সঠিক হিসাব পাওয়া সহজ হবে এবং ঋণের সুদজনিত ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।