Tuesday, May 19, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে গোলামির চরিত্র প্রকাশ পেয়েছে: চরমোনাই পীর


ছবিঃ ঢাকার দুই সিটি করপোরেশনে দলের দুই মেয়র প্রার্থী রেখে মাঝে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তি নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, এ চুক্তির মাধ্যমে দেশের স্বার্থের চেয়ে নির্ভরশীলতার মনোভাবই বেশি প্রকাশ পেয়েছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো আন্তর্জাতিক চুক্তি সংসদে গুরুত্বের সঙ্গে আলোচনার দাবি জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যেকোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও চুক্তি করা যেতে পারে। তবে জনগণের মতামত ও জাতীয় স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় লোকজনকে বসানো হচ্ছে। তিনি যোগ্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ইসলামী আন্দোলনের আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। একই সঙ্গে দ্রুত এ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তাঁর বক্তব্যের ওপর আস্থা রাখা যায়। তবে এ বিষয়ে ইসলামী আন্দোলন নীরব নেই বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, জাতীয় নির্বাচনের পর সংগঠনের ভেতরে কিছুটা স্থবিরতা তৈরি হলেও এখন দল পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে মনোযোগ দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার সমালোচনা করে চরমোনাই পীর বলেন, মানবিক আচরণের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তিনি এ ধরনের পদক্ষেপের নিন্দা জানান।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণে দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে প্রার্থী করা হয়েছে।

এ সময় তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন স্বতন্ত্রভাবে অংশ নেবে এবং জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের সঙ্গে থাকবে না।

জোট থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেজাউল করীম বলেন, ইসলামপন্থী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ থাকলেও পরে কিছু বিষয়ে মতবিরোধ তৈরি হয়। তাঁর অভিযোগ, ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা ছাড়াই অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যা পারস্পরিক অবিশ্বাসের সৃষ্টি করে।

তিনি আরও দাবি করেন, বিভিন্ন সময় জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দল ইসলামী আন্দোলনকে জোটে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে দলটি কখনো ক্ষমতা বা ব্যক্তিগত সুবিধার জন্য রাজনীতি করেনি বলে মন্তব্য করেন তিনি।

সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন