- ১৯ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | ঢাকা
‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ’—এই বার্তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির নেতারা জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার মোকাবিলায় শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে থেকে কর্মসূচির সূচনা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
বিতরণ করা লিফলেটে গণভোট সংশ্লিষ্ট চারটি প্রশ্নে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয়। সেখানে উল্লেখ করা হয়, জুলাই জাতীয় সনদের সব বিষয় বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তবে গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের কিছু অংশ জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আপত্তি জানিয়েছিল।
লিফলেটে আরও বলা হয়, বিএনপি ১০০ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও তা সংসদীয় আসনের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করে। একই সঙ্গে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, এমন কোনো উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পাঠানোর বিরোধিতা করে দলটি।
এছাড়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো বিষয়গুলোতেও বিএনপির সমর্থনের কথা লিফলেটে তুলে ধরা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই জাতীয় সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে তারা প্রচার কার্যক্রম চালাচ্ছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জুলাই জাতীয় সনদ শুধু রাজনৈতিক দলিল নয়, এটি গণতন্ত্র পুনর্গঠন ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের একটি অঙ্গীকার। জনগণের প্রত্যাশা অনুযায়ী এ সনদের বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।”
সংগঠনটির সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “তরুণ সমাজের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনার নতুন ধারা গড়ে তুলতে হবে। জুলাই জাতীয় সনদ গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষাবান্ধব রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”