Tuesday, May 19, 2026

মোরেলগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার পর কেটে নেওয়া হলো ডান হাত


ছবিঃ মোরেলগঞ্জ থানা বাগেরহাট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মিঠু শেখ ওই গ্রামের ওহেদ শেখের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশের একটি কলাখেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং একপর্যায়ে তার ডান হাত কেটে নিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, নিহত মিঠু শেখ হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

খবর পেয়ে মোরেলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন