- ১৯ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | সিলেট
সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে তাৎক্ষণিক পালটা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার সিলেট ৪৮ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার বিকালে সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, বিকালের দিকে বিএসএফ সীমান্তের বাংলাদেশ অংশ লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিজিবি সদস্যরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় এবং পালটা গুলিবর্ষণ করে। বিজিবির তাৎক্ষণিক ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।
ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি দায়িত্বশীল ও দৃঢ় অবস্থান বজায় রাখছে।
এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং অননুমোদিত কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি।