- ১৯ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত অটোরিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা ও ঘোনার মোড় এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন চুনতি ইউনিয়নের বড়ঘোনা এলাকার শাহ আলমের ছেলে কাইয়ুম শরিফ (১৯) এবং বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে মো. আকিব (২০)। তারা দুজনই জীবিকার তাগিদে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মো. আকিব দীর্ঘদিন ধরে পাহাড়ি একটি সশস্ত্র গ্রুপের জন্য খাদ্যসামগ্রী পরিবহণ করতেন। সম্প্রতি তিনি এ কাজ করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই হুমকির মুখে ছিলেন। পরিবারের অভিযোগ, এরই জেরে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার হাত ও পেটে গুলি লাগে।
অন্যদিকে কাইয়ুম শরিফ জানান, তিনি চুনতি বাজার থেকে যাত্রী নিয়ে ঘোনার মোড় এলাকায় যান। যাত্রীদের নামিয়ে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। এতে তার পিঠের বিভিন্ন অংশে গুলি বিদ্ধ হয়। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। সাম্প্রতিক এই দুই গুলির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আহত দুই যুবককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, পৃথক দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।