Tuesday, May 19, 2026

বেসরকারি হাসপাতালে হাম রোগী ভর্তি নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা


প্রতীকী ছবিঃ স্বাস্থ্য অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা

দেশে হাম ও হাম-সন্দেহজনক রোগী ভর্তি না করার অভিযোগ বাড়তে থাকায় বেসরকারি হাসপাতালগুলোর জন্য ৬ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন পরিচালক ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান। নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই হাম বা হাম-সন্দেহজনক রোগীকে চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবে না।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের জন্য পৃথক ওয়ার্ড বা কেবিন প্রস্তুত রাখতে হবে। রোগী ভর্তি হওয়ার আগেই প্রয়োজনীয় চিকিৎসা ও জরুরি সেবা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত বিনামূল্যের শয্যার একটি অংশ হাম রোগীদের জন্য বরাদ্দ রাখতে হবে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মোট শয্যার ১০ শতাংশ যেসব শয্যা বিনামূল্যে রাখার বিধান রয়েছে, তার অর্ধেক অর্থাৎ ৫ শতাংশ হাম রোগীদের জন্য নির্ধারণ করতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২৫০ শয্যার একটি হাসপাতালে অন্তত ১২টি শয্যা এ উদ্দেশ্যে প্রস্তুত রাখতে হবে।

সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিটি ভর্তি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী থাকার অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোকে প্রতিদিন ভর্তি রোগীদের তথ্য ইএমএআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত হটলাইন নম্বরেও যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি হাম রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা পাওয়া সহজ হবে এবং সংক্রমণ নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন