Saturday, April 25, 2026

ভারতে রেশন দুর্নীতি মামলায় আবারও ইডির জেরায় নুসরাত জাহান


ফাইল ছবিঃ নুসরাত জাহান (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতের আলোচিত রেশন দুর্নীতি মামলায় আবারও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে তলব করলে গত ২২ এপ্রিল সংস্থাটির কার্যালয়ে হাজিরা দেন তিনি।

জানা গেছে, কলকাতার সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলা এই জেরা শেষে বেরিয়ে আসার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, অভিযোগ ও অপবাদের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে তিনি সত্য খোঁজার চেষ্টা করছেন। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, যারা সমালোচনা করতে চান, তারা যেন তা করেই যান।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, একটি নির্দিষ্ট সূত্র ধরে এই মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে গম পাচার সংক্রান্ত একটি অভিযোগের সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময় কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রেশন দুর্নীতির অভিযোগের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম নিয়েও তাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তদন্তকারী সংস্থা।

এদিকে, পুরো বিষয়টি নিয়ে নুসরাত জাহানের অবস্থান কী—তা স্পষ্ট না হলেও তার সাম্প্রতিক বার্তা ইঙ্গিত দিচ্ছে, তিনি নিজেকে নির্দোষ দাবি করে পরিস্থিতির মোকাবিলা করতে চান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন