Thursday, November 26, 2026

ভালোবাসার আড়ালে শ্রেণিবৈষম্য ও স্বার্থের গল্প: কোরীয় সিনেমা ‘পসিবল লাভ’


ছবিঃ ‘পসিবল লাভ’–এর দৃশ্য (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভালোবাসা কি শুধুই আবেগের বিষয়, নাকি মানুষের আর্থিক সামর্থ্য, সামাজিক অবস্থান ও ব্যক্তিগত স্বার্থও সম্পর্কের গতিপথ নির্ধারণ করে? এমন কিছু অস্বস্তিকর প্রশ্ন সামনে নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘পসিবল লাভ’। প্রেম ও পারিবারিক সম্পর্কের গল্পের আড়ালে ছবিটিতে উঠে এসেছে শ্রেণিবৈষম্য, শ্রমিকের অধিকার, সামাজিক দূরত্ব, ঈর্ষা এবং মানুষের আত্মমর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

মুক্তির পর নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষস্থানেও জায়গা করে নেয় সিনেমাটি। দীর্ঘ আট বছর পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা লি চ্যাং-দং। এর আগে ‘বার্নিং’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন তিনি। নতুন ছবিতেও তাঁর পরিচিত ধীরগতির গল্প বলার ধরন, চরিত্রের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং নীরব দৃশ্যের মধ্য দিয়ে গভীর বক্তব্য তুলে ধরার বৈশিষ্ট্য বজায় রয়েছে। ধরন: ড্রামা, পরিচালক: লি চ্যাং-দং, অভিনয়ে: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং ও জো ইন-সাং, স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স, ভাষা: কোরীয়, দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিট

সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই দম্পতিকে ঘিরে। একদিকে কারখানার শ্রমিক মি-ওক ও হো-সক, অন্যদিকে বিত্তশালী পরিবারের ইয়ে-জি ও সাং-উ। চারজনের জীবনযাপন, আর্থিক সামর্থ্য ও সামাজিক অবস্থান সম্পূর্ণ আলাদা। একটি শেষকৃত্য অনুষ্ঠানে তাঁদের পরিচয় হলেও পরবর্তী সময়ে একটি বিশেষ ঘটনা তাঁদের জীবনকে অপ্রত্যাশিতভাবে কাছাকাছি নিয়ে আসে।

মি-ওক ও হো-সকের সংসারে অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক সংকট নিত্যসঙ্গী। শ্রমিক আন্দোলন দমনে পুলিশের সহিংস অভিযানের পর কারখানার বহু কর্মীর মতো চাকরি হারান হো-সকও। আন্দোলনের সময়ের সহিংসতা, শারীরিক আঘাত এবং কর্মসংস্থান হারানোর অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। একসময় প্রাণবন্ত মানুষটি ক্রমেই বিষণ্ন ও বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর প্রভাব পড়ে তাঁদের ছোট সন্তানের ওপরও।

অন্যদিকে ইয়ে-জি ও তাঁর স্বামী সাং-উয়ের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাব নেই। বিত্তশালী পরিবারের সদস্য ইয়ে-জি শ্রমিক আন্দোলন এবং কারখানার কর্মীদের দুর্দশা নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে চান। সেই কাজের সূত্র ধরেই তিনি মি-ওক ও হো-সকের ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত হন।

তবে এখানেই সিনেমাটি দর্শকের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাজির করে অন্যের দুঃখ-কষ্ট তুলে ধরার পেছনে কতটা মানবিক দায়বদ্ধতা থাকে, আর কতটা থাকে নিজের কাজের প্রয়োজন?

ইয়ে-জি শ্রমিকদের বাস্তবতা তুলে ধরতে আগ্রহী হলেও তাঁদের ব্যক্তিগত জীবনকে নিজের চলচ্চিত্রের উপাদান হিসেবে ব্যবহারের প্রবণতা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন না। ফলে প্রামাণ্যচিত্র নির্মাণের নৈতিকতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং সুবিধাভোগী শ্রেণির মানুষের সহমর্মিতার সীমাবদ্ধতা ছবির গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে ওঠে।

ইয়ে-জির স্বামী সাং-উ স্ত্রীর এই আচরণকে একপর্যায়ে ‘মেথড অ্যাক্টিং’-এর সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, স্ত্রী যেন শ্রমিকদের জীবন বুঝতে তাঁদের সঙ্গে মিশে একটি চরিত্রে অভিনয় করছেন। এই মন্তব্যের মধ্য দিয়ে নির্মাতা দেখিয়েছেন, অন্যের কষ্ট অনুভব করার চেষ্টা আর সেই কষ্টকে নিজের অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।

সিনেমাটি ইয়ে-জিকে একমাত্র নেতিবাচক চরিত্র হিসেবে উপস্থাপন করে না। তাঁর মধ্যে শ্রমিকদের প্রতি আন্তরিক আগ্রহ যেমন রয়েছে, তেমনি নিজের সামাজিক অবস্থান থেকে তৈরি হওয়া সীমাবদ্ধতাও রয়েছে। এই দ্বৈততা চরিত্রটিকে আরও বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

‘পসিবল লাভ’-এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো মানুষের আকাঙ্ক্ষা ও ঈর্ষাকে উপস্থাপনের ধরন। ইয়ে-জির বিলাসবহুল জীবন, দামি পোশাক, ব্যাগ এবং স্বচ্ছন্দ চলাফেরা মি-ওকের কাছে সম্পূর্ণ ভিন্ন এক জগতের প্রতিনিধিত্ব করে। যে জীবন তাঁর নিজের কাছে অধরা, সেই জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পান তিনি।

একটি দৃশ্যে হো-সককে একটি বেকারির বাইরে দাঁড়িয়ে অন্য একটি পরিবারের আনন্দঘন মুহূর্ত দেখতে দেখা যায়। কাচের ওপাশে পরিবারটির হাসি-আনন্দ চলতে থাকে, আর বাইরে দাঁড়িয়ে থাকা হো-সক যেন সেই স্বাভাবিক সুখের জগতের বাইরের একজন মানুষ। দৃশ্যটি কেবল অন্যের আনন্দ দেখার ঘটনা নয়; বরং নিজের হারিয়ে ফেলা জীবন ও স্বাভাবিক পারিবারিক সুখের প্রতি তাঁর আকাঙ্ক্ষারও প্রতিফলন।

এ ধরনের দৃশ্যে লি চ্যাং-দং সংলাপের চেয়ে চরিত্রের দৃষ্টি, নীরবতা ও শরীরী ভাষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে দর্শককে চরিত্রের অনুভূতি বুঝতে আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন হয় না।

সিনেমার শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপট দক্ষিণ কোরিয়ার ২০০৯ সালের স্যাংইয়ং মোটর কোম্পানির শ্রমিক আন্দোলনের বাস্তবতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নির্মাতা এই ঘটনাকে কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বরং দেখিয়েছেন, একটি প্রতিষ্ঠানের শ্রমিক সংকট, আন্দোলন ও অর্থনৈতিক সিদ্ধান্ত কীভাবে একটি পরিবারের ব্যক্তিগত সম্পর্ক এবং মানসিক অবস্থাকে বদলে দিতে পারে।

ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোর একটি হলো, অর্থনৈতিক বৈষম্য শুধু মানুষের জীবনযাত্রার মানে পার্থক্য তৈরি করে না; এটি মানুষের সম্পর্ক, আত্মসম্মান এবং অন্যের প্রতি দৃষ্টিভঙ্গিকেও প্রভাবিত করে।

চার অভিনয়শিল্পীর কাজ সিনেমাটিকে বিশেষ মাত্রা দিয়েছে। মি-ওক চরিত্রে জিওন দো-ইয়োনের অভিনয় বিশেষভাবে নজর কাড়ে। সংসার টিকিয়ে রাখার সংগ্রাম, নিজের জীবনের প্রতি অভিমান, অন্যের প্রতি আকর্ষণ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সবকিছুই সংযত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি।

হো-সক চরিত্রে সুল কিয়ং-গু এমন একজন মানুষের মানসিক ভাঙন তুলে ধরেছেন, যিনি নিজের জীবন ও চারপাশের মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাঁর চোখের ভাষা, চলাফেরা ও সংলাপের ভঙ্গিতে চরিত্রটির অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে।

ইয়ে-জি চরিত্রে চো ইয়ো-জিয়ং সহমর্মিতা ও শ্রেণিগত দূরত্বের জটিল সম্পর্কটি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন। অন্যদিকে সাং-উ চরিত্রে জো ইন-সাং সুবিধাভোগী সমাজের একধরনের নির্লিপ্ত মানসিকতা তুলে ধরেছেন।

সিনেমার শেষ দিকে দুই দম্পতির সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। সাং-উয়ের সমুদ্রতীরবর্তী বিলাসবহুল বাড়িতে একসঙ্গে সময় কাটানোর পর তাঁদের মধ্যকার মানসিক দূরত্ব, অস্বস্তি ও ব্যক্তিগত দ্বন্দ্ব নতুনভাবে প্রকাশ পায়।

তবে ছবিটি কেবল হতাশা কিংবা সম্পর্কের ভাঙনের গল্প নয়। মানুষের মধ্যে নতুন করে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও এতে ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরা হয়েছে।

জানা যায়, পোলিশ নির্মাতা ক্রিস্তফ কিসলোভস্কির ‘ডেকালগ’ সিরিজের দশম পর্ব থেকে অনুপ্রেরণা নিয়েছেন লি চ্যাং-দং। সিনেমাটি নির্মাতা কিসলোভস্কির উদ্দেশে উৎসর্গও করেছেন তিনি।

সব মিলিয়ে ‘পসিবল লাভ’ গতানুগতিক প্রেমের সিনেমা নয়। ভালোবাসা, অর্থনৈতিক বৈষম্য, ব্যক্তিগত স্বার্থ, শ্রমিকের অধিকার এবং মানুষের মর্যাদার প্রশ্নকে একই গল্পে যুক্ত করেছেন নির্মাতা। দর্শককে কোনো সহজ সিদ্ধান্তে পৌঁছে না দিয়ে বরং নিজের অবস্থান ও অন্যের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে বাধ্য করে সিনেমাটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন